Published : 17 Oct 2026, 08:26 PM
Updated : 17 Oct 2026, 08:26 PM
ওয়ানডেতে আরও একবার লিটন দাসের চোটে কপাল খুলল পারভেজ হোসেনের। পরপর দুই সিরিজে অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যানের বদলি হিসেবে দলে ডাক পেলেন বাঁহাতি টপ-অর্ডার ব্যাটসম্যান।
ডান নিতম্বের চোটে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে চলতি ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন। আবু ধাবিতে শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের টসের পর এই খবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এর ঘণ্টাদুয়েক পর লিটনের বদলি হিসেবে পারভেজের নাম ঘোষণা করেছে বিসিবি।
গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজের দলে ছিলেন পারভেজ। তবে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বাঁহাতি এই ব্যাটসম্যান। সেবার লিটনের পায়ের চোটের কারণে শেষ দুই ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান।
সব মিলিয়ে পারভেজের ওয়ানডে ক্যারিয়ার এখন পর্যন্ত মাত্র তিন ম্যাচের। গত বছর জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে এক ফিফটিসহ ১০৮ রান করার পর আর এই সংস্করণে খেলা হয়নি তার।
সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ম্যাচ বাকি রয়েছে আপাতত আর একটি। শারজাহয় আগামী বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে তারা। পরে ফাইনালে উঠতে পারলে একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচ শুক্রবার।
