কালবেলা · আন্তর্জাতিক
শীতে ঘুরে আসুন ইউরোপের ৫ বরফের হোটেলে
২১/১০/২০২৬

শীতের ছুটিতে বরফে ঢাকা পরিবেশে ভিন্নধর্মী অভিজ্ঞতা নিতে চান? তাহলে ঘুরে আসতে পারেন ইউরোপের বরফ, তুষার ও ইগলু দিয়ে তৈরি হোটেলগুলোতে।
সুইডেন ও ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড থেকে নরওয়ে ও সুইজারল্যান্ডের বরফাচ্ছন্ন পাহাড়—এসব হোটেলে রাত কাটানো হতে পারে এক স্মরণীয় অভিজ্ঞতা। খবর ইউরো নিউজের।
স্নোহোটেল ৩৬৫, নরওয়ে
নরওয়ের উত্তরে কিরকেনেস এলাকায় অবস্থিত স্নোহোটেল ৩৬৫-এর প্রতিটি কক্ষ আন্তর্জাতিক বরফশিল্পীদের হাতে তৈরি। ফলে কোনো দুটি কক্ষের নকশা এক নয়। ভেতরের তাপমাত্রা থাকে প্রায় মাইনাস ৪ ডিগ্রি সেলসিয়াস।
অতিথিদের জন্য রয়েছে বিশেষ স্লিপিং ব্যাগ, উষ্ণ বিশ্রামকক্ষ ও গোসলের ব্যবস্থা। সকালের নাশতা ও তিন পদের রাতের খাবারও থাকার প্যাকেজে অন্তর্ভুক্ত। বরফ ও তুষার দিয়ে তৈরি এ হোটেলে সারা বছরই থাকা যায়।
আইসহোটেল, সুইডেন
সুইডিশ ল্যাপল্যান্ডের ইউক্কাসইয়ারভি এলাকায় অবস্থিত আইসহোটেল প্রতিবছর শীতকালে নতুন করে তৈরি করা হয়। বরফে জমে যাওয়া তোরনে নদী থেকে সংগ্রহ করা বরফ দিয়ে শিল্পীরা হোটেলের কক্ষ ও ভাস্কর্য তৈরি করেন।
ডিসেম্বর থেকে প্রায় ৫ মাস অতিথিরা এখানে থাকতে পারেন। কক্ষের তাপমাত্রা থাকে প্রায় মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা থেকে বাঁচতে দেওয়া হয় রেইনডিয়ারের চামড়া ও বিশেষ স্লিপিং ব্যাগ। বরফের তৈরি প্লেটে খাবার পরিবেশনের ব্যবস্থাও রয়েছে।
আর্কটিক স্নোহোটেল, ফিনল্যান্ড
ফিনল্যান্ডের ল্যাপল্যান্ড অঞ্চলের রাজধানী রোভানিয়েমিতে অবস্থিত এ হোটেল সাধারণত ১৫ ডিসেম্বর থেকে মার্চের শেষ পর্যন্ত খোলা থাকে। ২০০৮ সাল থেকে প্রতিবছর বরফ ও তুষার দিয়ে নতুন করে হোটেলটি তৈরি করা হচ্ছে।
এখানে রয়েছে ২০টি কক্ষ, যেখানে সর্বোচ্চ ৭০ জন অতিথি থাকতে পারেন। দুই থেকে ছয়জনের থাকার উপযোগী বিভিন্ন ধরনের কক্ষ রয়েছে। বরফের রেস্তোরাঁ ও বরফের তৈরি প্রার্থনাকক্ষও এর আকর্ষণ। অতিথিদের মেরুজ্যোতি দেখার সুযোগ করে দিতে রয়েছে বিশেষ পর্যবেক্ষক।
সরিসনিভা ইগলু হোটেল, নরওয়ে
নরওয়ের আল্টায় অবস্থিত এ হোটেলকে বিশ্বের সবচেয়ে উত্তরের ইগলু হোটেল হিসেবে পরিচিত করা হয়। প্রতিবছর এটি তৈরি করতে প্রায় ২৫০ টন বরফ ও ৭ হাজার ঘনমিটার তুষার লাগে।
২০ ডিসেম্বর থেকে মার্চের শেষ পর্যন্ত অতিথিরা এখানে থাকতে পারেন। বরফের তৈরি কক্ষ ও ভাস্কর্যের পাশাপাশি স্নোমোবাইল চালানো, মেরুজ্যোতি দেখা, স্নোশুয়িং ও কুকুরের স্লেজে ভ্রমণের সুযোগ রয়েছে।
ইগলু-ডর্ফ জেরমাট, সুইজারল্যান্ড
সুইস আল্পসের জেরমাটে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ৭০০ মিটার উচ্চতায় তৈরি হয় ইগলু-ডর্ফ। প্রতিবছর শীতকালে নতুন করে নির্মিত এ হোটেলের ইগলুগুলো বরফের পথ দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত।
১৯ ডিসেম্বর থেকে ৪ এপ্রিল পর্যন্ত এখানে থাকার সুযোগ রয়েছে। দিনের বেলায় খোলা আকাশের নিচে বসে সুইস চিজ ফন্ডুসসহ নানা খাবার উপভোগ করতে পারেন অতিথিরা। সুইজারল্যান্ডের দাভোস ও গস্টাডসহ ইউরোপের আরও কয়েকটি স্থানেও রয়েছে এ ধরনের ইগলু হোটেল।
সূত্র: ইউরো নিউজ
মূল প্রতিবেদনে যান ↗