আজকাল ওয়েবডেস্ক: বোলতার কামড়ে অসুস্থ হয়ে মৃত্যু হল ৬৯ বছর বয়সি এক ব্যক্তির। শুক্রবার সকালে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শান্তিপুরের বেলঘরিয়া এলাকার বাসিন্দা সুভাষচন্দ্র বিশ্বাসের। তাঁর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। মৃত্যুর পর দেহ পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেলে ফুলিয়া স্টেশন সংলগ্ন বাজারে গিয়েছিলেন সুভাষচন্দ্র বিশ্বাস। সেই সময় তাঁকে বোলতায় কামড়ায় বলে জানা যায়। এরপরই তাঁর শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তড়িঘড়ি তাঁকে ফুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে ভর্তি রেখে তাঁর চিকিৎসা চলছিল।
কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। শুক্রবার মৃত্যু হয় সুভাষচন্দ্র বিশ্বাসের। আচমকা এই ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছে মৃতের পরিবার ও পরিচিতরা।
বোলতার কামড়ে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। সাধারণত পোকামাকড়ের কামড়কে অনেকেই সামান্য ঘটনা বলে মনে করলেও, কিছু ক্ষেত্রে এর ফলে গুরুতর অ্যালার্জি বা শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, বোলতা বা অন্য কোনও পোকামাকড়ের কামড়ের পর শ্বাসকষ্ট, মুখ বা গলা ফুলে যাওয়া, মাথা ঘোরা কিংবা দ্রুত শারীরিক অবস্থার অবনতি হলে দেরি না করে জরুরি চিকিৎসা নেওয়া প্রয়োজন।
