মাদারীপুরের কালকিনিতে মো. জামাল আকন (৫৮) নামে এক কৃষকের দুই পায়ের রগ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। স্থানীয় দলে যোগ না দেওয়ায় এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। আহত জামাল আকন উপজেলার সাহেবরামপুর এলাকার উত্তর আন্ডারচর গ্রামের আবদুল রশিদ আকনের ছেলে। গত মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও এলাকা সুত্রে জানা গেছে, কৃষক জামাল আকন একই এলাকার অসুস্থ গ্রাম চৌকিদার
শহিদুলকে নিয়ে চিকিৎসার জন্য বরিশালে গিয়েছিলেন। সেখানে চিকিৎসা শেষে গত মঙ্গলবার রাতে চৌকিদার শহিদুলের সঙ্গে জামাল আকন বাড়ি ফেরেন। পথিমধ্যে ওই এলাকার মগফার হাওলাদারের বাড়ির সামনে পৌঁছলে আগে থেকে ওৎ পেতে থাকা বেশ কয়েকজন দুর্বৃত্ত মিলে জামাল আকনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং জামাল আকনের দুই পায়ের রগ কেটে দ্রুত পালিয়ে যায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয় জানতে চাইলে আহত জামাল আকনের সঙ্গে থাকা গ্রাম চৌকিদার শহিদুল বলেন, আমি কিছু জানি না। তবে দুর্বৃত্তরা আমাকেও আঘাত করেছে।
হামলায় আহত জামাল আকনের মেয়ে লিমা অভিযোগ করে বলেন, আমার বাবার সঙ্গে যা ঘটেছে এসব ঘটনার প্রধান দায়ি ব্যক্তি চৌকিদার শহিদুল। কারণ আমার বাবার সঙ্গে রাতে চৌকিদার শহিদুল ছিল। আমার বাবা বাঁশগাড়ী ইউনিয়নের সুমন চেয়ারম্যানের সঙ্গে দল না করার কারণে তার পা কেটে দিয়েছে চেয়ারম্যানের লোকজন। এ বিষয়ে জানতে চাইলে বাশগাড়ী ইউপি চেয়ারম্যানকে ফোনে পাওয়া যায়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল আলম জানান, খবর পেয়ে আহতকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী অভিযোগ দিলে আইননুসারে ব্যবস্থা নেওয়া হবে।
