কালবেলা · সাধারণ
সীমান্তে ভারতীয় শাড়িসহ কোটি টাকার মালামাল জব্দ
২৪/১০/২০২৬

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা মূল্যের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৪ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চন্ডিদার, কাজিয়াতলী ও মঈনপুর বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে- বিপুল ভারতীয় শাড়ি, বাজি, বাসমতি চাল, গরু, চকলেট, ফুসকা, ফেসওয়াশ, অলিভ ওয়েল, পন্ডস পাউডার, সাবান, জনসন বেবী লোশন, শ্যাম্পু, গাঁজা, স্কাপ সিরাপ এবং মোটরসাইকেল। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ ৭৬ হাজার ৪৯০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিটির মাধ্যমে আরও জানানো হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗