কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ ও ডিবি পুলিশ। অভিযানে কিশোর গ্যাং সন্দেহে বিভিন্ন এলাকা থেকে মোট ৩৫৩ জনকে আটক করা হয়েছে।
রোববার রাতে জেলার ১৮টি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন স্পটসহ প্রতিটি থানা এলাকার কিশোর বখাটেদের উৎপাত রয়েছে—এমন পয়েন্টগুলোতে অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন। উঠতি বয়সি যুবকরা যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আটককৃতদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর মনিটরিং বজায় রাখা হয়েছে। কিশোর অপরাধ পুরোপুরি দমনে জেলা পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখতে বদ্ধপরিকর।