‘আইসক্রিম’ সিনেমাটি চরকিতে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ অক্টোবর- এ কথা শুনলেই যেন শরতের মিষ্টি রোদের মতো অনেক দর্শকের কাছে উজ্জ্বল হয়ে উঠতে পারে ১০ বছর আগের সেই স্মৃতিগুলো। ২০১৬ সালের ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে সিনেমাটির মুক্তি পাওয়া, অভিনয়শিল্পী রাজ, তুষি, উদয়’র অভিষেক, নিজেদের প্রথম সিনেমা নিয়ে তাদের অবেগঘন মুহূর্ত, আরও কত কী। অর্ণব বা মিনারের ‘বোকা চাঁদ’ কিংবা ‘পথ’ গানগুলো দর্শকশ্রোতাদের কানে-নাকে শীতের আগমনীর মতো স্পর্শ করে যেতে পারে স্মৃতিমাখা গন্ধ কিংবা গানগুলো প্রথম শোনার অনুভূতি। নির্মাতা রেদওয়ান রনিও তখন তরুণ ও নবীন নির্মাতা। তার পরিচালিত দ্বিতীয় সিনেমা মুক্তির সেই উচ্ছ্বাসের স্মৃতি হুরমুর করে ভেঙে পড়তে পারে তার উপরেও।
এমন আরও অনেক বন্দি স্মৃতির মুখ খুলে ‘আইসক্রিম’ সিনেমাটি এক্সক্লুসিভলি চরকিতে আসছে আজ সোমবার রাত ১২টায় মানে- ২০ অক্টোবর। শরিফুল রাজ, নাজিফা তুষি, কুমার উদয়- যারা এখন নিজেদের কাজের মাধ্যমে শক্ত ভিত্তি তৈরি করে ফেলেছেন, তাদের প্রথম সিনেমা ছিল ‘আইসক্রিম’ এবং সিনেমাটি মুক্তির সময় আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, ‘সিনেমাটি আমাদের সন্তানের মতো। অনেক ভালোবাসা আর কষ্ট করে আমরা সিনেমাটি করেছি।’
শরিফুল রাজ অশ্রুশিক্ত হয়ে বলেছিলেন, ‘আমি জীবনে অনেক কষ্ট করে এই পর্যায়ে এসেছি। রনি ভাইয়ের (রেদওয়ান রনি) কাছে কৃতজ্ঞ।’
আর রেদওয়ান রনি? প্রেক্ষাগৃহে দর্শকদের প্রতিক্রিয়াই ছিল তার অর্জন এবং একদম নতুন কিছু অনুভূতি দেখানোর জন্যই নতুন মুখ নিয়ে কাজ করেছিলেন তিনি। বলেছিলেন, ’গল্পের জন্যই নতুন মুখ দরকার ছিল। আমি এমন কিছু হাসি-কান্না-দুঃখ দেখাতে চেয়েছি, যেটা আগে পর্দায় কেউ দেখেনি, তাই নতুন মুখ নেওয়া। আর দর্শকদের উচ্ছ্বাসই আমার অর্জন।’
সিনেমার নাম ’আইসক্রিম’ কেন? সিনেমাটির গল্পকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা এবং নির্মাতা রেদওয়ান রনির দেওয়া এ প্রশ্নের উত্তরটা সেসময় মনে ধরেছিল অনেকের। নির্মাতা বলেছিলেন, ’আমি একটা সম্পর্কের গল্প বলতে চেয়েছি, আর সম্পর্কটা আইসক্রিমের মতো, একটা নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হয়। তাপমাত্রা কম হলে গলে যায়, আবার বেশি হলে বরফ হয়ে যায়।’
এ তো গেল স্মৃতির রোমন্থন। নতুন করে কী বলছেন পরিচালক ও অভিনয়শিল্পী এবং দর্শকরা? ১৬ অক্টোবর চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করা হয় সিনেমাটির থিমেটিক পোস্টার। রেদওয়ান রনি পোস্টারটি শেয়ার করলে মন্তব্যের ঘরে দর্শক লিখেছেন, ‘অপেক্ষায় আছি সিনেমাটি দেখার জন্য।’ আরেকজন লিখেছেন, ’এটা ছিল আমার জন্য প্রথম বাংলা সিনেমা যেটা আমি প্রেক্ষাগৃহে গিয়ে দেখেছিলাম।’
এ প্রজন্মের আলোচিত অভিনেত্রী নাজিফা তুষি। ’আইসক্রিম’ সিনেমা ছিল তার অভিনীত প্রথম সিনেমা, এমনকী মিডিয়ায় প্রথম কোনো কাজ। কোনো নাটক, বিজ্ঞাপনে কাজ না করেই সরাসরি সিনেমায় নাম লিখিয়েছিলেন তিনি। এখন সেই সময়ের কথা ভাবলে কী মনে হয়, কেমন মনে হয়?
তুষি বলেন, ’সিনেমা যে একটা বড় ক্যানভাস, এসব কিছু না বুঝেই- না জেনেই সিনেমার ক্যানভাসে দাঁড়িয়ে গিয়েছিলাম। তখন আমি ইন্ডাস্ট্রির কিছুই জানি না, বুঝি না। আমার জাস্ট একটা ইচ্ছা ছিল যে আমি অভিনয় করতে চাই। আর তখন এফডিসির বাইরে অল্টারনেটিভ সিনেমা হচ্ছিল অনেক কম। আমার কাছে মনে হয়েছিল যে “আইসক্রিম” গুড ফিল্ম এবং রেদওয়ান রনি ভালো ডিরেক্টর। ওই জায়গা থেকে আমি ছোট মানুষ, আমি ভেবেছি যে সিনেমাটা করা যায়। “আইসক্রিম” করার পর আমি অনেক কিছুই বুঝেছি। “আইসক্রিম” সিনেমাটা দর্শকরা আবার দেখতে পারবে, সেটা বেশ ভালোলাগার। তখনও বলেছি, সিনেমাটা সবাই দেখুন, একবার হলেও দেখুন, এখনও তাই বলছি। কিন্তু সত্যি খুব অবাক লাগে যে, কীভাবে কীভাবে সিনেমাটা করেছিলাম এবং তারও ১০ বছর পার হয়ে গেল।’
শরিফুল রাজের কাছে ’আইসক্রিম’ শুধু সিনেমা নয় বরং আজকে তার অবস্থানের ভিত বা শেকর। রাজ বলেন, ’১০ বছর আগের রাজ আর আজকের রাজের মধ্যে নিশ্চয়ই কিছু পরিবর্তন আছে। কিন্তু ”আইসক্রিম” আমার জীবনের সেই ভিত্তি যা আমাকে আজকের এই জায়গায় আসতে সাহায্য করেছে। রিহার্সেল, ক্যামেরার পেছনের সেই নার্ভাসনেস, রেদওয়ান রনি ভাইয়ের গাইডেন্স আর শুটিং সেটের মুহূর্ত এখনও জীবন্ত। ক্যারিয়ারের শুরুতে যেই প্যাশন নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম, দর্শকেরা চরকিতে “আইসক্রিম” সিনেমার মাধ্যমে আমার শুরুর দিনগুলোকে দেখতে পাবেন। সত্যি অদ্ভুত অনুভূতি।’
সিনেমাটি প্রযোজনা করেছেন শুক্লা বনিক, রেদওয়ান রনি এবং সালমা আদিল। সিনেমার গানগুলোতে কণ্ঠ দিয়েছেন অর্ণব, আরমিন মুসা, শারমিন সুলতানা সুমি, মিনার রহমান। সিনেমায় অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, দিতি, ওমর সানি, সায়েম সাদাত, নাদিয়া খানমসহ অনেকে।
