কালবেলা · সাধারণ
ঢাবিতে লালন উৎসব থেকে ছাত্রলীগ নেতা আটক
১৭/১০/২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) লালন উৎসব থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।
আটক সাগর ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের ৩৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া জানান, টিএসসিতে লালন উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় ছাত্রদলের অন্য নেতাকর্মীরাও সেখানে ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে সাগরকে দেখতে পান তিনি।
পরে সাগরের পরিচয় ও সেখানে উপস্থিত থাকার কারণ জানতে চান আব্দুর রহিম ভূঁইয়া। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে আটক করে টিএসসি থেকে হেঁটে শাহবাগ থানায় নিয়ে যান। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শাহবাগ থানার ডিউটি অফিসার জানান, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী এক ব্যক্তিকে থানায় নিয়ে আসেন। পরে তার নাম সাগর এবং তিনি ছাত্রলীগের ৩৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বলে জানতে পারেন তারা। এরপর তাকে থানা হাজতে পাঠানো হয়।
এ বিষয়ে সাগরের বক্তব্য পাওয়া যায়নি। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিস্তারিতও পুলিশের পক্ষ থেকে জানা যায়নি।
মূল প্রতিবেদনে যান ↗