সংবাদ বিজ্ঞপ্তি · ১৪ অক্টোবর, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন
সিলেট নগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ২ লাখ ৩ হাজার ৬৪০ টাকার ভারতীয় পণ্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকালে এয়ারপোর্ট থানার দেবাইবহর এলাকায় ধোপাগুল থেকে সাহেবের বাজারগামী পাকা সড়কের ওপর এ অভিযান চালানো হয়। বুধবার রাতে এসএমপি মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইল সদরের মেহেদী হাসান (৪৫), গাজীপুরের টঙ্গী পূর্ব এলাকার মো. হাবীবুল্লাহ (৪১), সিলেটের গোয়াইনঘাটের মো. জসিম উদ্দিন (২৯) ও এয়ারপোর্ট থানার মিটুন কুমার দে (২৮)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ভারতীয় অলিভ অয়েল, চকলেট, কিসমিস, ক্রিম ও ফেসওয়াশ উদ্ধার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে এয়ারপোর্ট থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গুগলে আমাদের খবর পেতে
