নেত্রকোণায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রুজেল মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃত রুজেল মিয়া নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের বিজয়পুর গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জেলা ডিবি পুলিশের (পূর্ব) পরিদর্শক (ওসি) মো. কামরুল হাসান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের দিকনির্দেশনায় ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে নেত্রকোণা-কেন্দুয়া সড়কের লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের তিয়শ্রী বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন চলন্ত ভ্যানগাড়ির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। পরে ভ্যানগাড়িতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫ হাজার ৫০০ পিস ইয়াবাসহ রুজেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. আবদুল্লাহ আল নোমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত রুজেল মিয়ার বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জেএইচআর
