ছবির ক্যাপশন: .
মো. বেল্লাল হাওলাদার:
শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেফতার হওয়া পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। সোমবার (৯ মার্চ) সকালে পুলিশ সদরদপ্তরে দায়িত্ব গ্রহণের পর প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে।
আইজিপি হিসেবে দায়িত্ব দেওয়ায় সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। দলমত নির্বিশেষে চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি চাঁদাবাজ ও উগ্রপন্থীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক ও মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যাতে মানুষ নির্বিঘ্নে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন।
