
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার সদর ও তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যা ৫টা ২০ মিনিটে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের পেচাকোনা এলাকায় সীমান্ত পিলার ১২২৩/১-এস থেকে ৫০ গজ ভেতরে অভিযান চালিয়ে ৭৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের উত্তর মোকসেদপুর এলাকায় সীমান্ত পিলার ১২০৪/৮-এস থেকে ১৫০ গজ ভেতরে ২৪ বোতল এবং রাত ১০টা ১০ মিনিটে একই উপজেলার বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় সীমান্ত পিলার ১২০২/৪-এস থেকে ১০০ গজ ভেতরে আরও ৯৩ বোতল মদ উদ্ধার করা হয়।
আশাউড়া, লাউরগড় ও চাঁনপুর বিওপির টহল দল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা মদ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
