ভোলার বোরহানউদ্দিনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে দুই যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন যাত্রী। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার দালাল বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর গ্রামের আব্দুর রাজ্জাক মুন্সির ছেলে। আহত ব্যক্তিরা ভোলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ভোলা সদর থেকে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। একই সময়ে আরেকটি অটোরিকশা চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। পথে দালাল বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশা দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে যান দুটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আলী নিহত হন।
দুর্ঘটনায় দুই অটোরিকশায় থাকা ছয় যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফ আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এমএস/
