Gyanesh Kumar Impeachment 'INDIA'
প্রতীকী সংসদ বসিয়ে জ্ঞানেশ কুমারকে ভর্ৎসনা করবে ‘ইন্ডিয়া’
-
- 24 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
রামলীলা ময়দানে সমাবেশের আগে প্রতীকী সংসদ বসাবে বিরোধী ‘ইন্ডিয়া’ মঞ্চ। ১ নভেম্বর সমাবেশের আগের দিন, ৩০ অক্টোবর দিল্লির অশোক হোটেলে এই প্রতীকী সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের প্রতীকী ভর্ৎসনা করার কথা রয়েছে।
জ্ঞানেশ কুমারকে ভর্ৎসনা বা ‘ইমপিচমেন্ট’ করার দাবিতে রাজ্যসভা এবং লোকসভায় প্রস্তাব জমা দিয়েছিলেন বিরোধীরা। কিন্তু অধ্যক্ষ ওম বিড়লা তা গ্রহণ করেননি। ফের রাজ্যসভায় জমা পড়েছে প্রস্তাব।
সংবাদমাধ্যমে সিপিআই সাধারণ সম্পাদক ডি রাজা বলেছেন যে তালকাটোরা স্টেডিয়ামে এই কর্মসূচি করার কথা থাকলেও তা পাওয়া যাচ্ছে না।
গত ১৩ অক্টোবর ‘ইন্ডিয়া’ মঞ্চের আলোচনা চক্রে এই প্রতীকী সংসদ বসিয়ে ভর্ৎসনার প্রস্তাব আসে। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশের সর্বত্র আন্দোলন চলছে।
শনিবার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয়ে এই দাবিতেই মিছিল বের করে এসএফআই।
‘ইন্ডিয়া’ মঞ্চে শামিল একাধিক দলের নেতারা মনে করছেন যে এসআইআর বাতিল এবং জ্ঞানেশ কুমারকে সরানোর দাবির পক্ষে বিশদে যুক্তি তর্ক যত আলোচনা হয় তত ভালো। কারণ বিজেপি এবং আরএসএস নানাভাবে এই আন্দোলনকে বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।
