পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বড্ডাপাড়া গ্রামের আলমগীর হোসেনের জমিতে গরুর ঘাস কাটতে যান কয়েকজন। এ সময় একই গ্রামের ফারুক মিয়া ও হুমায়ুন মিয়ার সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ ক্রমেই বাড়তে থাকে।
পরে বিষয়টি মীমাংসার জন্য বৈঠকে বসলে সেখানে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সড়কের ওপর টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া ও সংঘর্ষ চলতে থাকে।
এ সময় সংঘর্ষ থামাতে গিয়ে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার গুরুতর আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সংঘর্ষে চেয়ারম্যানসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
দীর্ঘ সময় ধরে সড়কে সংঘর্ষ চলায় সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কে যান চলাচল ব্যাহত হয়। এতে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
The post সরাইলে ঘাস কাটা নিয়ে সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ আ’হ’ত ২০ appeared first on ভোরের চেতনা.
