Published on
:
1 min read
ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার এক যুবক। ছিনতাই হলো বাইক ও নগদ টাকাও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত ১৭ অক্টোবর, ষষ্ঠীর রাতে। জানা গিয়েছে, আহত যুবকের নাম পিঙ্কু ঘোষ। তাঁর বাড়ি সোনারপুর থানা এলাকার কালিকাপুরে। এই ঘটনায় সোনারপুর থানায় ওই ব্যক্তি লিখিত অভিযোগ দায়ের করার পরে ঘটনা প্রকাশ্যে আসে। যদিও ঘটনার পরে পাঁচ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, ষষ্ঠীর সন্ধ্যায় বাইকে চড়ে প্রতিমা দর্শনে বেরিয়েছিলেন পিঙ্কু। রাতে বাড়ি ফেরার সময়ে কালিকাপুরের হাসপাতাল মোড়ের কাছে একটি বাঁকের মুখে তিনি বাইকের গতি কমান। সেই সময়ে পিঙ্কুর মাথায় ভারী কোনও বস্তু দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। আঘাত পেয়ে পিঙ্কু বাইক থেকে পড়ে যান। ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি।
কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা এসে পিঙ্কুকে উদ্ধার করেন। প্রাথমিক ভাবে শুশ্রূষা করে তাঁর জ্ঞান ফিরিয়ে আনেন স্থানীয়রা। খবর দেওয়া হয় তাঁর পরিবারকেও। তবে জ্ঞান ফিরতে পিঙ্কু দেখেন, তাঁর বাইকটি আশেপাশে কোথাও নেই। এমনকী, পকেট থেকে নগদ টাকাও উধাও হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, আক্রান্ত যুবকের মাথায় হেলমেট ছিল না।
সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পিঙ্কু। যদিও, ঘটনার পরে পাঁচদিন কেটে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কে বা কারা এই ঘটনায় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। পুজোর মধ্যে রাতের অন্ধকারে এমন হামলার ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
