রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আরাজীগঙ্গারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত দুই শ্রমিক হলেন আছাদুল হক ও শিহাব হোসেনে। আছাদুলের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়। শিহাবের বাড়ি রংপুরে। তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে নির্মাণাধীন পৌর ভবনের ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। বিকেল পাঁচটার দিকে হঠাৎ ছাদের শাটারিং ভেঙে পড়লে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয় লোকজনও উদ্ধারকাজে অংশ নেন।
পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নাজমুল সরকার বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। স্থানীয় লোকজন আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাসুদ রানা দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছে। আহত চারজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
পীরগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ্ আল বাকিউল বারী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যত দূর জেনেছি, ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসকের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখনো চিঠি পাইনি। তদন্তে কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’