চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংকটের কোনো সামরিক সমাধান নেই এবং যেকোনো উপায়ে সামরিক উত্তেজনা এড়াতে হবে বলে বার্তা দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। যত দ্রুত সম্ভব উভয় পক্ষকে নিয়ে একটি শান্তিপূর্ণ চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছে দোহা। খবর আল জাজিরার।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া ডিরেক্টর ইব্রাহিম সুলতান ইব্রাহিম আল-হাশমি এক বিবৃতিতে বলেন, সামরিক কোনো সমাধান হতে পারে না। সংঘাতের বিস্তার কোনোভাবেই কাম্য নয়, একমাত্র আলোচনার টেবিলে একটি শান্তিপূর্ণ সমাধানই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের আশাবাদী থেকে সমাধানের জন্য কাজ করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক নৌ-চলাচল আইন মেনে চলতে হবে ইরানকে এবং প্রণালিটি অবিলম্বে চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে হবে।
একই সঙ্গে, হরমুজ প্রণালিতে ইরানের অনাকাঙ্ক্ষিত আক্রমণ প্রতিহত করার আহ্বান জানিয়ে কাতার উল্লেখ করে, এ জাতীয় পদক্ষেপ পুরো অঞ্চল ও সেখানকার জনগণের জন্য চরম ক্ষতিকর।
আঞ্চলিক ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তার বিষয়টি মনে করিয়ে দিয়ে বলা হয়, যুদ্ধাবস্থায় ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন হলে ইরানসহ মধ্যপ্রাচ্যের সব দেশই ক্ষতিগ্রস্ত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আরও জানান, আলোচনার মাধ্যমে একটি টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করাই মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার একমাত্র পথ।
