চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে রোববার (১১ অক্টোবর) রাতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। এ সময় স্বর্ণ পরিবহনে ব্যবহৃত তার একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়। উদ্ধার করা এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি ৯৭ হাজার টাকা।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়। আটক মো. সেলিম জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের সদরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল জীবননগর উপজেলার গয়েশপুর যাত্রীছাউনির সামনে অবস্থান নেয়। পরে সেখানে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে মো. সেলিমের অটোভ্যানটি থামানো হয় এবং তার দেহ ও ভ্যানে তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি। জব্দকৃত স্বর্ণ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে ধারণা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।
সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরপূর্বক তাকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। সীমান্ত এলাকায় এ ধরনের চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
