গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের দুই দিন পর শাম্মী আক্তার (১২) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মীর কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শাম্মী আক্তার উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় (নামা চরপাড়া) এলাকার শহিদুর রহমানের মেয়ে। শাম্মী স্থানীয় পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জনান, গত রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে অন্য শিশুদের সঙ্গে ছাগল চরাতে বাড়ির অদূরে মাঠে যায় শাম্মী। দুপুর গড়িয়ে বিকেল হলেও অন্য শিশুরা বাড়ি ফিরলেও সে আর ফেরেনি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে রাতেই গোবিন্দগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শাম্মীর বাবা।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নামা চরপাড়া এলাকার শিশুটির বাড়ির পাশের বিলের পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে পানি থেকে মরদেহটি উদ্ধার করা হলে পরিবারের সদস্যরা শাম্মীকে শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মীর কায়েস বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
