প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অতিথি গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে জুরি বোর্ডের তিন স্তরের কঠোর মূল্যায়ন, সাক্ষাৎকার ও উপস্থাপনা শেষে চূড়ান্তভাবে ৪টি গবেষণা প্রস্তাব নির্বাচন করা হয়েছে। নির্বাচিত গবেষকরা আগামী ছয় মাসের মধ্যে তাদের গবেষণা কাজ সম্পন্ন করবেন এবং বৃত্তি হিসেবে প্রত্যেকে ৩ লাখ টাকা করে আর্থিক অনুদান পাবেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) পিআইবি সূত্রে এ তথ্য জানা গেছে।
জুরি বোর্ড ও মূল্যায়ন প্রক্রিয়া
পিআইবির একজন প্রতিনিধি ও দুটি বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপককে নিয়ে গঠিত তিন সদস্যের জুরি বোর্ড এই মূল্যায়ন প্রক্রিয়া পরিচালনা করেন। ২০২৫ সালের ২৬ আগস্ট দেশের চারটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে আগ্রহী গবেষকদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করা হয়। নির্ধারিত সময় ২০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে দেশ-বিদেশ থেকে মোট ১৭১টি গবেষণা প্রস্তাব জমা পড়ে।
প্রস্তাবের কাঠামো, বিষয়বস্তু ও বাজেট মূল্যায়নের ভিত্তিতে প্রথমে ৬০টি এবং পরবর্তী ধাপে ২১টি প্রস্তাব বাছাই করা হয়। এরপর সংক্ষিপ্ত তালিকাভুক্ত (শর্ট লিস্ট) ১২টি প্রস্তাবের ওপর গবেষকদের সাক্ষাৎকার ও উপস্থাপনা মূল্যায়ন শেষে চূড়ান্ত ৪টি প্রস্তাব নির্বাচন করা হয়। জুরি বোর্ড পাঁচটি প্রস্তাব নেওয়ার পরিকল্পনা করলেও মানগত কারণে চারটির বেশি চূড়ান্ত করতে পারেনি। খুব শিগগিরই নির্বাচিত গবেষকদের গবেষণা বৃত্তির প্রথম কিস্তি দেওয়া হবে এবং প্রত্যেককে একজন সুপারভাইজারের সঙ্গে যুক্ত করা হবে।
চূড়ান্তভাবে গৃহীত গবেষণা প্রস্তাব ও গবেষকরা
চূড়ান্তভাবে গৃহীত গবেষণা প্রস্তাব ও গবেষকরা হচ্ছেন তাশাহুদ আহমেদ রাফিম (শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়): গবেষণা শিরোনাম: ‘আন্তর্জাতিক পরিসরে জুলাই গণঅভ্যুত্থানের চিত্রায়ন: দক্ষিণ এশীয় গণমাধ্যমের তুলনামূলক বিশ্লেষণ।’ নাঈমুল হাসান (অ্যাসোসিয়েট প্রফেসর, ফিলিপ মেরিল কলেজ অব জার্নালিজম, ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড, যুক্তরাষ্ট্র): গবেষণা শিরোনাম: ‘বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রশ্নে গণমাধ্যমের ভূমিকা: একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিশ্লেষণ (২০০৯-২০২৪)।’
মীর হুজাইফা আল মামদূহ (গবেষক, দৃক ট্রাস্ট): গবেষণা শিরোনাম: ‘টিকটক ও ডিজিটাল শ্রেণিগত বিভাজন: প্রান্তিকতার অভিজ্ঞতা।’ মুহাম্মদ মুযযাম্মিল হক (শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়): গবেষণা শিরোনাম: ‘সংকটকালীন তথ্যপ্রবাহ ও ডিজিটাল অ্যাক্টিভিজম: ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে নিউ মিডিয়ার ব্যবহার ও বাস্তবতা।’
উল্লেখ্য পরিবর্তনশীল গণমাধ্যম, সাংবাদিকতা, ভুয়া-তথ্য প্রতিরোধ, ডিজিটাল সাংবাদিকতা এবং গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে এই গবেষণা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
