অরুণাচল সীমান্তে চীনের সঙ্গে ভারতের মুখোমুখি বিরোধ এখনও চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশের (আইটিবিপি) প্রধান শত্রুজিৎ সিং কপূর। তাঁর মন্তব্যের পর সীমান্ত পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। দলটির অভিযোগ, চীনের তৎপরতা নিয়ে কেন্দ্রীয় সরকার নীরব রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজস্থানের আলওয়ারে এক অনুষ্ঠানে শত্রুজিৎ সিং কপূর বলেন, চীনের মোকাবিলায় আইটিবিপিতে শৌর্য কমান্ডোজ নামে একটি বিশেষ কমব্যাট ইউনিট গঠন করা হয়েছে। ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণরেখায় এ বিশেষ বাহিনী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি, যুদ্ধক্ষেত্রের আধুনিকায়নে ড্রোন ও ড্রোনবিধ্বংসী ব্যবস্থা গড়ে তুলতে কয়েকশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি।
তাঁর বক্তব্যের পর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলেছেন, অরুণাচল সীমান্তে ঠিক কী ঘটছে এবং চীনের আগ্রাসনের মুখে মোদি সরকার নীরব কেন।
কংগ্রেসের অভিযোগ, লাদাখের মতো অরুণাচলেও ভারতের একাধিক টহলদারি এলাকা হাতছাড়া হয়েছে বলে স্থানীয়দের দাবি রয়েছে। এ ছাড়া চীনের এলাকা দখলের চেষ্টা, অরুণাচলের বিভিন্ন স্থানের নাম পরিবর্তন এবং সীমান্ত এলাকায় বিপুল ক্ষমতাসম্পন্ন বাঁধ নির্মাণ ভারতের পানিনিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে বলে দাবি দলটির।
আইটিবিপি প্রধানের বক্তব্যকে কেন্দ্র করে অরুণাচল সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে চীন নীতি নিয়ে মোদি সরকারের অবস্থানও রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছে।
