পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর তলদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং মোট সাত লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৮ অক্টোবর) রাতে উপজেলার ঢালারচর ইউনিয়নের যমুনা নদী এলাকায় এ অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান।
সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- ফারুক হোসেন, রিজু ঠাকুর ও নাজমুল হোসেন।
বিজ্ঞাপন
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নদী তলদেশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তোলার অপরাধে তিনজনকে আটক করা হয়।
পরে তাঁদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(৩) ধারা লঙ্ঘনের দায়ে ফারুক হোসেনকে ৩ লাখ টাকা এবং রিজু ঠাকুর ও নাজমুল হোসেনকে ২ লাখ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
আভিযানিক দল আরও জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে এই অবৈধ বালু উত্তোলনের মূল নেপথ্য কারবারি ও মহাজন জুয়েল ফকিরের বিরুদ্ধে একটি নিয়মিত ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে একই দিনে বিকেল পাঁচটা থেকে রাত ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অপরাধে চারজন জেলেকে আটক করা হয়। তাদের মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, যমুনা নদীর পরিবেশ ও প্রাকৃতিক নাব্যতা রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। নদীর তলদেশ থেকে ড্রেজার দিয়ে বালু তোলা পুরোপুরি বেআইনি। জনস্বার্থে নদীর ইকোসিস্টেম ও স্থানীয় জনপদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর হোসাইন নাবিল/এনএইচআর/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
