নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়ক দখলমুক্ত করতে এবং যানজট নিরসনে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ফুটপাত দখল করে গড়ে ওঠা প্রায় চার হাজার ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থায়ী-অস্থায়ী স্থাপনা ও স্ট্যান্ড গুঁড়িয়ে দেওয়া হয়। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আব্দুল্লাহ বিন শফিকের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন পুলিশ, আনসার সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
অভিযান শেষে ইউএনও এসএম আব্দুল্লাহ বিন শফিক বলেন, ‘জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ও স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থায়ী অবকাঠামো অপসারণে বিশেষ গুরুত্ব দিয়ে মহাসড়কে গড়ে ওঠা অবৈধ স্থাপনার অধিকাংশই ভেঙে ফেলা হয়েছে।’ তিনি আরও জানান, উচ্ছেদ করা স্থানগুলো যেন পুনরায় দখল না হয়ে যায়, সে বিষয়ে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সড়কের ডিভাইডার নির্মাণকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ফুটপাত দখলমুক্ত রাখতে ইতোমধ্যে ৪০ জন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়। যানজট নিরসন ও মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত থাকবে।