বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান চট্টগ্রামে পৌঁছেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টায় তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে আয়োজিত প্রাক্তন সাথী-সদস্য সম্মেলন-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।
সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, আদর্শিক ও নৈতিক উন্নয়ন এবং দেশ ও জাতির কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন বলে আশা করছেন আয়োজকেরা।
তাঁর সফরকে কেন্দ্র করে সম্মেলনস্থলে জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
এদিকে, আজ সন্ধ্যায় পূজামণ্ডপ পরিদর্শনে চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নগরীর জেম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন।
