চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বাড়িতে কাঠের বাক্সে পোষা বিষধর সাপকে খাবার দিতে গিয়ে কামড়ে অসুস্থ হয়েছেন ইকবাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ভুইয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
ইকবাল হোসেন ভুইয়াকান্দি গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। তাঁর দুই মেয়ে ও এক ছেলে আছে। পরে ইকবালকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
ইকবালের ভাই ইসলাম হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ভাই আগে থেকেই সাপ ধরতে পছন্দ করতেন। প্রায় তিন মাস আগে বাইরে থেকে একটি বিষধর গোখরা সাপ ধরে বাড়িতে আনেন। এরপর একটি কাঠের বাক্সে রেখে পুষতে শুরু করেন। নিয়মিত এটিকে খাবার দিতেন।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ইকবাল বাক্স খুলে সাপটিকে খাবার দিতে যান। খাবার রাখার সময় সাপটি তাঁর ডান হাতে ছোবল মারে। এ সময় তাঁর চিৎকারে স্বজনেরা সেখানে ছুটে আসেন। কিছুক্ষণ পর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়।
ইকবালকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে জানিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক সাবিন ইসতেহার বলেন, তাঁকে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি এখনো আশঙ্কামুক্ত নন।
