চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য বন্ধ ও সেবার মান খতিয়ে দেখতে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে গিয়ে এমপি মানিক কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। এ সময় গ্রাহকেরা পাসপোর্ট করতে গিয়ে কোনো ধরনের হয়রানি, অনিয়ম কিংবা দুর্নীতির শিকার হচ্ছেন কি না, সে বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।
পরিদর্শন শেষে শেখ ফরিদ আহমেদ মানিক সাংবাদিকদের বলেন, “পাসপোর্ট অফিসে এসে যে পরিবেশ দেখলাম, তা মোটেও সন্তোষজনক নয়। দেশের উন্নয়ন ও সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে সেবার মান নিশ্চিত করা জরুরি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “আপনারা নিয়মিত পাসপোর্ট অফিসে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে সম্পূর্ণ দুর্নীতি ও দালালমুক্ত করতে বদ্ধপরিকর।” তিনি সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ও হয়রানিমুক্তভাবে সেবা পেতে পারেন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক তিন দালালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেএইচআর
