কুড়িগ্রামের চিলমারীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংষর্ঘে নিরাশা দাশ নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ রোববার সকালে উপজেলার চিলমারী-হরিপুর আঞ্চলিক মহাসড়কের ৮১ মিটার সেতু সংলগ্ন তেলিয়াপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরাশা দাশ (৪৫) উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডল হাট উত্তর মাঝিপাড়া আঠারো পাইকা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে করে মাছ কেনার জন্য সুন্দরগঞ্জের হরিপুর বাজারের দিকে যাচ্ছিলেন নিরাশা। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। নিরাশা ছিটকে পড়ে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ আসলে দুর্ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
