শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার ২০টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার মনাকষা, গোদাগাড়ী, ওয়াহেদপুর ও হাকিমপুর বিওপির আওতাধীন ১০টি পূজামণ্ডপ এলাকায় ৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের নিকটবর্তী ১০টি পূজামণ্ডপ এলাকায় ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। বাকি ২ প্লাটুন সদস্য ব্যাটালিয়ন সদর দপ্তরে সংরক্ষিত হিসেবে থাকবেন।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে পূজামণ্ডপ এলাকাগুলোতে রেকি ও প্রস্তুতিমূলক টহল সম্পন্ন করেছে বিজিবি। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণ এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ছাড়া গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজরদারি রাখা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি পূজামণ্ডপ এলাকায় দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সনাতন ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে বলে জানান।
