বর্ণিল ধর্মীয় আয়োজন ও পুণ্যার্থীদের সমাগমে রাঙামাটিতে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। আজ শুক্রবার সকালে রাঙামাটি সদর উপজেলার বালুখালী এলাকার তপোবন অরণ্য কুটিরে সমবেত হন হাজারো বৌদ্ধ নর-নারী। পুণ্যার্থীদের প্রার্থনা আর ‘সাধু, সাধু, সাধু’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো কুটির প্রাঙ্গণ।
অনুষ্ঠানে সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধ প্রতিবিম্ব দানসহ নানা পুণ্যকর্ম সম্পাদন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান। দূর-দূরান্ত থেকে আসা হাজারো পুণ্যার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানে সংঘপ্রধান হিসেবে উপস্থিত থেকে পুণ্যার্থীদের পঞ্চশীল প্রদান ও ধর্মদেশনা দেন বনভান্তের শিষ্য সংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান ভদন্ত প্রজ্ঞালংকার মহাথের।
অনুষ্ঠান শুরুতে দেশের মানুষের মঙ্গল কামনায় সমবেত ভাবনা ও প্রার্থনা করা হয়।
দীর্ঘ তিন মাসের প্রথাগত বর্ষাবাস (উপাসনা ও ধ্যান)—শেষে বৌদ্ধ ভিক্ষুরা মানবকল্যাণে ধর্ম প্রচারে বের হবেন। আগামী ২৫ অক্টোবর উদ্যাপিত হবে মূল প্রবারণা পূর্ণিমা। এ শুভ তিথির পরদিন থেকেই শুরু হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় আয়োজন মাসব্যাপী ‘কঠিন চীবর দান’ উৎসব।
পাপমোচন, মৈত্রী ভাব এবং জগতের সব প্রাণীর সুখ-শান্তি কামনায় প্রবারণা পূর্ণিমাকে ঘিরে পাহাড়জুড়ে ছড়িয়ে পড়েছে ধর্মীয় আবহ ও উৎসবের আমেজ।
