কালবেলা · খেলাধুলা
অবিশ্বাস্য প্রত্যাবর্তন: জেল থেকে বের হয়ে মাঠে নেমেই সেঞ্চুরি
১২/১০/২০২৬

ব্যক্তিগত জীবনের তীব্র ঝড়ঝাপ্টা আর আইনি জটিলতা ভুলে মাঠে ফিরেই রাজকীয় প্রত্যাবর্তন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েলর। সাবেক প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে বেশ কিছুদিন পুলিশ এবং জেলে কাটাতে হয়েছিল ভারতের এই তরুণ ক্রিকেটারকে।
তবে জামিন পাওয়ার মাত্র কয়েক সপ্তাহের মাথায় রঞ্জি ট্রফির উদ্বোধনী ম্যাচেই দিল্লির বিরুদ্ধে অনবদ্য এক শতরান হাঁকিয়ে সব বিতর্ক ও নিন্দার জবাব দিলেন তিনি। সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচের দ্বিতীয় দিনে ৫ নম্বরে ব্যাটিং করতে নামেন অভিষেক। দিল্লির বোলারদের শাসন করে মাত্র ১৩৭ বলে ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ঘরে পৌঁছান তিনি।
শতরান পূর্ণ করার পরপরই আবেগ ধরে রাখতে না পেরে পিচের ওপরেই হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়েন ২৩ বছর বয়সী এই ব্যাটার। মাঠের আম্পায়ার এবং সতীর্থ সুদীপ কুমার ঘরামি এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন। এরপর উঠে দাঁড়িয়ে ড্রেসিংরুম ও সতীর্থদের করতালির অভিবাদন গ্রহণ করেন তিনি।
দ্বিতীয় দিনের খেলা শেষে ১৬১ বলে ১১৪ রান করে অপরাজিত রয়েছেন অভিষেক পোড়েল। তার সঙ্গে অপর প্রান্তে ১২২ রানে অপরাজিত আছেন সুদীপ কুমার ঘরামি। চতুর্থ উইকেটে এই দুই ব্যাটারের অবিচ্ছেদ্য ১৩৫ রানের পার্টনারশিপের ওপর ভর করে প্রথম ইনিংসে দিল্লির ২৪০ রানের জবাবে শক্ত অবস্থানে রয়েছে বাংলা দল।
মূল প্রতিবেদনে যান ↗