ঢাকার ধামরাইয়ে অশ্রুসজল চোখে দেবী দুর্গাকে বিদায় জানানোর মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব। বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ঐতিহ্যবাহী মাধব বাড়ি ঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপ্তি ঘটে।
ঢাকের বাদ্য, উলুধ্বনি ও ভক্তদের জয়ধ্বনিতে মুখর হয়ে ওঠে বিসর্জনস্থল। এবার ধামরাই উপজেলার ২৩৫টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়। উৎসবের শেষ দিনে প্রতিমা বিসর্জন উপলক্ষে মাধব বাড়ি ঘাটে সুধী ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ। এ সময় ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং পূজা উদ্যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য তমিজ উদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে বসবাস করছেন এবং নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করছেন। দুর্গাপূজা সম্প্রীতি ও সৌহার্দ্যের উজ্জ্বল নিদর্শন। সব নাগরিকের ধর্মীয় অধিকার রক্ষা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিশেষ অতিথি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যেই উৎসবের প্রকৃত আনন্দ নিহিত।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. আল মামুন বলেন, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে।
বিসর্জনের সময় ভক্তরা আবেগঘন পরিবেশে দেবী দুর্গাকে বিদায় জানান। আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা এবং বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব।
The post ধামরাইয়ে ২৩৫ মণ্ডপে দুর্গাপূজা শেষে প্রতিমা বিসর্জন appeared first on ভোরের চেতনা.
