কালবেলা · রাজনীতি
চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা জোরদারে সংসদীয় কমিটির বৈঠক
১২/১০/২০২৬

চট্টগ্রাম বন্দরে পণ্যভর্তি কনটেইনার গায়েব হওয়ার খবর প্রকাশের পর বন্দরটির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহন দ্রুত নিষ্পত্তি এবং কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির পঞ্চম বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, মোংলা বন্দর কর্তৃপক্ষ ও পায়রা বন্দর কর্তৃপক্ষের আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন কার্যক্রম এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়। বন্দরের কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বাড়ানো, সরকারি অর্থের অপচয় রোধ এবং দীর্ঘদিনের নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেওয়া হয়।
সম্প্রতি একটি জাতীয় দৈনিকে ‘গায়েব হয়ে যাচ্ছে একের পর এক পণ্যভর্তি কনটেইনার, নিরাপত্তা ঝুঁকিতে চট্টগ্রাম বন্দর’ শিরোনামে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে বন্দরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা নিলামযোগ্য কনটেইনার ও যানবাহন দ্রুত নিষ্পত্তির পাশাপাশি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। বিদ্যমান জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া এবং বন্দরের কার্যক্রমে ডিজিটাল ব্যবস্থাপনা জোরদার করে স্বচ্ছতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।
এছাড়া মোংলা ও পায়রা বন্দরের ড্রেজিং কার্যক্রম, প্রকল্প বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট নিরীক্ষা আপত্তি পর্যালোচনা করা হয়। এসব প্রকল্পের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন কমিটির সদস্যরা।
বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ছিলেন।
মূল প্রতিবেদনে যান ↗