ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টায় দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলা হরিপুর মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, উপজেলার জিংলাতলী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে নজরুল ইসলাম(৬২) ও তার স্ত্রী ঝরনা বেগম (৪৮)।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী ঝরনা বেগম মহাসড়কের একপাশ দিয়ে প্রাতঃভ্রমণে বের হয়। ফজরের নামাজ পড়ে ভোরে জিংলাতলী গ্রামের বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মহাসড়কের গৌরীপুর ইউনিয়নের হরিপুরের দিকে আসছিল। মহাসড়কে হাঁটার সময় হঠাৎ অজ্ঞাত গাড়িচাপা দিয়ে চলে যায়। দ্রুতবেগে ধাক্কা দিলে তারা মহাসড়ক থেকে ছিটকে পড়ে। পরে অন্য পথচারীরা দুইজনকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমলাল দাস বলেন, ‘অজ্ঞাত গাড়ির চাপায় স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে বিষয়টি আমি জানতে পেরেছি। মহাসড়কে সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।’
