কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী কমিউটার ট্রেনের ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার পর বিকল্প লাইনে ঢাকা ও চট্টগ্রামমুখী ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার দুপুর একটার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নাওটী রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, দুপুর একটা থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনায় লাইনচ্যুত হওয়ার পর আপলাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান লাকসাম স্টেশনের স্টেশন মাস্টার ওমর ফারুক ভূঁইয়া।
লাকসাম রেলওয়ে স্টেশন থানার ওসি রাজীব চন্দ্র কর বলেন, চারটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লাকসাম রেলওয়ে সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দুর্ঘটনার কবলে পড়া ট্রেনটি উদ্ধার করা সম্ভব হয়নি। অক্ষত অবস্থায় রেললাইনে থাকা পাঁচটি বগি নাঙ্গলকোট স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। লাইনচ্যুত চারটি বগি ও ইঞ্জিন উদ্ধারে চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। উদ্ধারকাজ শেষে সেগুলোও স্টেশনে নেওয়া হবে।
