পুজোর আবহেই কি সংসার ভাঙতে বসেছে এই নায়িকার? তেমনই ইঙ্গিত দেওয়া হয়েছে তাঁকে, কিন্তু শেষ পর্যন্ত কী ঘটবে দেবীর আশীর্বাদে? আসলে যা ঘটেছে সবটাই ছোটপর্দায়। কথা হচ্ছে গঙ্গা ধারাবাহিকের।
বাস্তবে দুর্গাপুজো মিটে গেলেও, ছোটপর্দায় এখনও একাধিক ধারাবাহিকে দুর্গাপুজোর রেশ বজায় রয়েছে। আর সেই ধারাবাহিকগুলোর অন্যতম গঙ্গা। এই ধারাবাহিকে পুজো উপলক্ষ্যে আসছে নতুন মোড়। কী ঘটতে চলেছে অর্জুন এবং গঙ্গার জীবনে? কোন ঝড় উঠবে?
এদিন চ্যানেল কর্তৃপক্ষের তরফে গঙ্গা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে, গঙ্গাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে খলনায়িকা। জানায়, এই সিঁদুরের জোরে অর্জুনকে কখনও তার থেকে আলাদা করতে পারবে না গঙ্গা। পাল্টা জবাবে নায়িকা জানায়, এই সিঁদুরের জোরেই সে বাঁচাবে তার সম্পর্ক। অর্জুনের থেকে দূরে রাখবে খলনায়িকাকে। কিন্তু মুখে যা-ই বলুক, মনে দ্বিধা উঁকি দেয় তার।
দেবীকে বরণ করতে গিয়ে গঙ্গা দুর্গার থেকে ইঙ্গিত চায় যে সে কি আদৌ অর্জুনের? তাদের সম্পর্ক কি টিকবে? ঘটনাচক্রে অর্জুনের সঙ্গে সেই সময়ই ধাক্কা লাগে তার। আর সিঁদুর উড়ে তার সিঁথি রেঙে ওঠে। এবার তাদের জীবন কোন দিকে বাঁক নেয়, কী ঘটে সেটাই এখন দেখার।
https://www.instagram.com/reel/De1KZFcACxT/?utm_source=ig_web_copy_link&vrfl=NTc4MTIwNjQ2YQ==
প্রসঙ্গত, গঙ্গা' ধারাবাহিকটি স্টার জলসার পর্দায় রোজ দেখা যায়। এটি প্রতি দিন রাত ৯ টা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় রয়েছেন হিয়া মুখার্জি এবং সাহেব ভট্টাচার্য। 'গীতা এলএলবি' -এর পর কয়েক মাসের বিরতি নিয়ে এই ধারাবাহিকে ফেরেন হিয়া। অন্যদিকে সাহেব ভট্টাচার্য বহু বছর পর 'কথা' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফেরেন। সেই ধারাবাহিক শেষ হতে না হতেই দর্শক তাঁকে এখন 'গঙ্গা' -এ দেখতে পাচ্ছেন। আগামী ২৮ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেখানো হবে পুজোর এই বিশেষ পর্ব।
https://youtu.be/ixVZIaFsQVc?si=uLiG7w5caYIZ0IL0
