শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নের ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তায় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন ও শামনগর উপজেলার নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন-এর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে ১৫টি প্লাটুন বিজিবি সদস্য কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার ৩৮টি পূজামন্ডপের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন। অন্যদিকে, নীলডুমুর ১৭ বিজিবি ব্যাটালিয়ন থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৪৪টি পূজামন্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।
দুটি ব্যাটালিয়নের আওতায় সাতক্ষীরার পাঁচটি উপজেলায় মোট ৮২টি পূজামন্ডপের নিরাপত্তায় মোট ৩১ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যালিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আশিকুর রহমান জানান, দুর্গাপূজা চলাকালে পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং হিন্দু ধর্মাবলম্বীদের জন্য শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে বিজিবির সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন।
