সৌদি আরবের চারটি প্রধান অঞ্চলে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কবার্তা বা ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। বজ্রপাত ও প্রবল ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখীর মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের সতর্ক করা হয়েছে।
আজ রোববার (১৮ অক্টোবর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আবহাওয়া কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মক্কা, জাজান, আসীর এবং আল বাহা অঞ্চলের বিভিন্ন অংশে এই বৈরী আবহাওয়া দেখা দিতে পারে। মাঝারি থেকে তীব্র বজ্রবৃষ্টির পাশাপাশি এসব এলাকায় শিলাবৃষ্টি এবং প্রবল বাতাসের কারণে ধূলিঝড় সৃষ্টি হতে পারে, যা সড়ক চলাচলে চরম ঝুঁকি তৈরি করবে।
ভারি বর্ষণের কারণে নিম্নাঞ্চল ও পাহাড়ি ঢালে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও অন্যান্য প্রধান শহরে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দাম্মামে সর্বোচ্চ ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হতে পারে। এছাড়া মক্কায় ৩৯ ডিগ্রি, রাজধানী রিয়াদে ৩৮ ডিগ্রি এবং জেদ্দায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। তবে আবহা ও আল-বাহার মতো পাহাড়ি অঞ্চলে আবহাওয়া কিছুটা ঠান্ডা থাকবে।
