কালবেলা · দেশ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
২২/১০/২০২৬

দক্ষিণ আফ্রিকায় মারুফ বেপারি নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে দাবি করেছেন তার স্বজনরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে দেশটির কেপটাউনের বুস্টার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে তিনি গুলিবিদ্ধ হন।
নিহত মারুফ বেপারি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের পশ্চিম সিড্যা এলাকার প্রয়াত আব্দুস সোবহান বেপারির ছেলে। তার তিন সন্তান রয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্বজনরা জানিয়েছেন, জীবিকার সন্ধানে ১৪ বছরের বেশি সময় আগে দক্ষিণ আফ্রিকায় যান মারুফ। সেখানে ব্যবসা করে জীবিকানির্বাহ করতেন তিনি। দেশটির বুস্টার এলাকায় ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় একটি গোষ্ঠী তার কাছে প্রতি মাসে ৫০০ দক্ষিণ আফ্রিকান র্যান্ড চাঁদা দাবি করত বলে অভিযোগ স্বজনদের।
নিহতের ভাতিজা কামরুজ্জামান বেপারি বলেন, ‘ওই এলাকায় ব্যবসা করতে হলে স্থানীয় চাঁদাবাজদের প্রতি মাসে ৫০০ র্যান্ড দিতে হয়। তার কাকা তিন মাসের মধ্যে এক মাস দোকান চালু রেখেছিলেন, বাকি দুই মাস দোকান বন্ধ ছিল। এ কারণে তিনি শুধু এক মাসের চাঁদা দিতে চেয়েছিলেন।’
কামরুজ্জামান বেপারির জানান, চাঁদার টাকা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মারুফের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর ফিরে এসে মারুফকে গুলি করেন। তবে এ ঘটনায় স্থানীয় পুলিশ বা দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
নিহতের মরদেহ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার।
ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘স্বজনদের মাধ্যমে তিনি মারুফের মৃত্যুর খবর পেয়েছেন। এ বিষয়ে আরও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।’
সিড্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল আকন বলেন, প্রবাসীরা কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠান। তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বিদেশে বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
মূল প্রতিবেদনে যান ↗