কক্সবাজারের মেরিন ড্রাইভ সংলগ্ন হিমছড়ি সমুদ্রসৈকতে সাগরে গোসল করতে নেমে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় সাগরের পানিতে ভেসে গিয়ে আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে সমুদ্রসীমায় তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি এলাকার মারিনা রিসোর্ট সংলগ্ন সমুদ্রসৈকতে এই প্রাণহানির দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সাগরে পর্যটকরা তলিয়ে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পর্যটকের লাশ উদ্ধার করে। এ সময় আরও একজনকে সংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে পথেই তাঁর মৃত্যু হয়। পানিতে তলিয়ে যাওয়া অপর দুই পর্যটকের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।
নিহত পর্যটকদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত হওয়ার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসন।
জেএইচআর
