ময়মনসিংহের ফুলপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন নিশ্চিত করতে ৪৬টি পূজামণ্ডপে ২৮৮ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মিনি পার্কে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ময়মনসিংহ জেলা কমান্ড্যান্ট সোহেলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা, ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন এবং তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি।
বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। পূজামণ্ডপে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি বা উত্তেজনা দেখা দিলে ধৈর্য ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। প্রয়োজনে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
দায়িত্ব পালনকালে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনাও দেওয়া হয়। পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মো. আছাদুল্লাহিল গালিব ও প্রশিক্ষিকা শাহনাজ পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে পৌর দলনেতা মশিউর রহমান মুন্নাসহ বিভিন্ন ইউনিয়নের আনসার-ভিডিপির দলনেতা, দলনেত্রী ও সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়োগপ্রাপ্ত ২৮৮ সদস্যের মধ্যে ৯২ জন নারী ও ১৯৬ জন পুরুষ। পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি পূজামণ্ডপে দুজন নারী ও চারজন পুরুষ সদস্য দায়িত্ব পালন করবেন। অতি গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে অতিরিক্ত দুজন সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আনসার ব্যাটালিয়নের মোবাইল স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আনসার-ভিডিপি সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় ফুলপুর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে এবং শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন হবে।
The post ফুলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ২৮৮ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন appeared first on Dhaka Protidin.
