
কুমিল্লার লাকসামে কর্ণফুলী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর আপলাইন এবং ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে আপলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আজগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।
ট্রেনে থাকা একাধিক যাত্রী জানান, ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটের পর নাঙ্গলকোট স্টেশন ছেড়ে আসে। নাওটী স্টেশন পার হওয়ার পর ট্রেনটির তিনটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে একাধিক যাত্রী মাথাসহ বিভিন্নস্থানে আঘাত পান।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লাকসাম রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী কর্ণফুলী এক্সপ্রেস টিনটি নাঙ্গলকোটের নাওটি ও লাকসামে উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি স্থানে পৌঁছালে হঠাৎ তিনটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে এ ঘটনায় কোনও হতাহত নেই। ট্রেনটি উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে রিলিফ ট্রেন রওনা দিয়েছে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ রয়েছে।
কুমিল্লা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শেখ আনোয়ার বলেন, কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত হলেও ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। তেমন কোনো হতাহতের খবর পাইনি আমরা। লাইনচ্যুত বগি উদ্ধারে রেসকিউ টিম ঘটনাস্থলে রওনা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বগিগুলো উদ্ধার করে আপলাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।
The post কুমিল্লায় ট্রেনের বগি লাইনচ্যুত appeared first on অর্থসূচক.
