সাতক্ষীরায় মাদকাসক্ত ছেলের হাতে চাচি খুন
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
সাতক্ষীরার শ্যামনগরে মাদকাসক্ত ছেলের হাত থেকে মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন চাচি সুধা রানী মন্ডল (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পার বাধঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত রমেশ মন্ডলকে (৩০) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
নিহত সুধা রানী মন্ডল ওই গ্রামের মধুসূদন মন্ডলের স্ত্রী। অভিযুক্ত রমেশ একই গ্রামের ছিদাম মন্ডলের ছেলে। এ ঘটনায় আহত দুজন হলেন রমেশের মা কমলা রানী মন্ডল ও নিহতের ছেলে সমীর কুমার মন্ডল।
আহত কমলা রানী মন্ডল জানান, তার ছেলে রমেশ মাদকাসক্ত। মাদক কেনার জন্য সে প্রায়ই তার কাছে টাকা চাইত। বুধবার রাতে এক হাজার টাকা চাইলেও কাছে টাকা না থাকায় তিনি দিতে পারেননি। বৃহস্পতিবার সকালেও একইভাবে টাকা চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রমেশ দা দিয়ে তাকে কোপ দেওয়ার চেষ্টা করে। এ সময় তার ডান হাতের কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
মাকে রক্ষা করতে এগিয়ে এলে রমেশ তার চাচি সুধা রানী মন্ডল ও সমীর কুমার মন্ডলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুধা রানীকে মৃত ঘোষণা করেন।
আহত কমলা রানীকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সমীর কুমারের অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত রমেশ মন্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
