Published on
:
1 min read
এই সময়, রায়গঞ্জ: রায়গঞ্জের উত্তর মোহনবাটি মহিলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো এ বছর দ্বিতীয় বর্ষে পড়ল। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড় সংলগ্ন এনএস রোডের উত্তর মোহনবাটি এলাকার হিন্দু-মুসলিম নির্বিশেষে সকলে মিলে এই পুজোর আয়োজন করেন। গত বছর এই পুজোর সূচনা হয়। এ বছর বাজেট চার লক্ষ টাকা। বাড়ি বাড়ি গিয়ে ও স্থানীয় ব্যবসায়ীদের থেকে চাঁদা তুলে এই পুজোর আয়োজন করা হয়।
রায়গঞ্জের হাইরোড কালীতলা এলাকার মৃৎশিল্পী সনাতন পাল প্রতিমা নির্মাণ করেছেন। মণ্ডপসজ্জায় মহাবীর ঘোষ। পুজো ছোট হলেও পঞ্চমী থেকে নবমী পর্যন্ত স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবমীতে বস্ত্র বিতরণ। পুজো কমিটির সম্পাদক লুনা বোস বলেন, 'আমরা জাতি, ধর্ম নির্বিশেষে পাড়ার সকলে মিলে চাঁদা তুলে পুজোর আয়োজন করি। এই পুজোর মাধ্যমে আমরা সম্প্রীতির বার্তা তুলে ধরি।'
পুজো কমিটির সভাপতি শাহনাজ চৌধুরী বলেন, 'আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই। এক সঙ্গে পুজোর আয়োজনে সামিল হয়ে পুজোর কটা দিন খুবই আনন্দে কাটাই।'
