ময়মনসিংহের ফুলপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব ও দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর উপজেলার ৪৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন, ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট সংস্কার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা। সভায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তুতিমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, যাতায়াতের জন্য ঝুঁকিপূর্ণ রাস্তাঘাট সংস্কার, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন খান, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জাকির হোসেন, যুবদল নেতা একেএম আরিফুল হক, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি দেবল সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত, সাংবাদিক নুরুল আমিন এবং উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি আজহারুল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন পূজামণ্ডপের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় সংশ্লিষ্ট সবাই আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
The post ফুলপুরে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা, ৪৮ মণ্ডপে হবে পূজা appeared first on ভোরের চেতনা.