Published : 20 Oct 2026, 09:18 PM
Updated : 20 Oct 2026, 09:18 PM
আওয়ামী লীগ ভেবেছিল তারা কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, “আওয়ামী লীগ ভেবেছে লুটপাট করে কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। তারা মনে করেছিল এভাবেই জীবন যাবে। হাজার হাজার কোটি টাকা নিয়ে তারা দেশ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি।”
হাফিজ উদ্দিন আহমেদ আইপিইউ-এর এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মঙ্গলবার সকালে ভোলার লালমোহন উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব বলেন তিনি।
অতীতের সরকারের দুর্নীতি ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে হাফিজ উদ্দিন বলেন, “বর্তমান সরকার দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
“বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগের অনেক নেতার বিরুদ্ধে মামলা হয়েছে, শাস্তি হয়েছে। ইতোমধ্যে শেখ হাসিনারও মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ভোলা-৩ আসনের সংসদ সদস্য বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে শেখ হাসিনা ও তার এমপিরা দেশে এত লুটপাট করেছে; যা বিশ্বের কোথাও হয়নি।
“দেশের সম্পদ ও টাকা লুটপাট করে তারা বিদেশে প্রাসাদ তৈরি করেছে। তাদের পতনের পর এখন বিদেশে সেসব প্রাসাদে বসে তারা দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করছে। তবে এ দেশে আর আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না।”
বর্তমান সরকার প্রত্যেকের বাক-স্বাধীনতা নিশ্চিত করেছে জানিয়ে স্পিকার বলেন, “মানুষ সরকার ও সরকার প্রধানের সমালোচনা করতে পারবে। একজন মহিলা এমপির বিরুদ্ধে একটি হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ায় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।
“এ ছাড়া প্রতিমন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন। এটি কেবল এদেশে বিএনপি সরকারই করেছে। অন্য কোনো সরকারের এমন নজির নেই। বিএনপি ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করছে।”
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী উপস্থিত ছিলেন।
