চাঁপাইনবাবগঞ্জে লেবুবাগানের মধ্যে রাতের অন্ধকারে পুঁতে রাখা তিন বালতিতে থাকা ১৭টি হাতবোমা বা ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মহারাজপুর ইউনিয়নের মুন্সি মন্ডল টোলা এলাকার একরামুল হকের দেশি লেবুর বাগানে মাটির কয়েক হাত নিচে পুঁতে রাখা এসব ককটেল উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, উদ্ধারকারী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার লেবুবাগানে খড়ি ও শুকনো পাতা কুড়াতে গিয়ে এক নারী তিনটি মাটির গর্ত ভরাট দেখে স্থানীয়দের পুলিশকে জানায়। পরে ওই এলাকা ঘিরে রাখে পুলিশ। সন্ধ্যায় স্থানীয়দের সহযোগিতায় তিনটি বালতিতে থাকা এসব ককটেল উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক জানান, তিনটি বালতি উদ্ধার করে এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। তারা সরেজমিনে এসে রাতে তিনটি বালতিতে থাকা ১৭টি ককটেল নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।