অতীতের স্বৈরাচার সরকারগুলোর মতো স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোনো হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী বাছাই এবং জনগণের আস্থা অর্জনে নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি ১৯৯১ সালে এবং ২০২৪ সালে পরাজিত শক্তি এক হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, এজন্য বিএনপি নেতাদের সজাগ থাকার নির্দেশনা দিয়েছেন। সমাজ থেকে মাদক নির্মূলেও নেতাকর্মীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। গত মঙ্গলবার রাতে নগরীর রেডিসন ব্লুতে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত একাধিক নেতার সঙ্গে আলাপকালে তারা আমাদের সময়কে এসব তথ্য নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির তিন শতাধিক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। সময় স্বল্পতায় সভায় কেবল তারেক রহমান বক্তব্য রাখেন।
একাধিক নেতাকর্মী জানান, সভায় প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দলীয় নেতাকর্মীদের অবদান রাখতে নির্দেশনা দেন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমাকে দুটো জিনিস এনে দেবেন। সব এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে আপনাদেরকে যে কোনো মূল্যে অবদান রাখতে হবে। মানুষ যে রকম শান্তিশৃঙ্খলা চায়, সেটি। আপনি যা চান তা না।
তারেক রহমান দলের নেতাকর্মীদের বলেন, আপনি যদি চান আপনার এলাকায় ড্রাগের সমস্যা কমে আসতে পারে। আপনি যদি চান আপনার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হতে পারে। আপনি যদি চান বিভিন্ন রকমের যে চোর-বাটপার আছে সেগুলো কমে আসতে পারে। এই চাওয়াটা আপনাদেরই হতে হবে, শুধু প্রশাসনিকভাবে হলে হবে না।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে একা অভিযান পরিচালনা করা সম্ভব নয়। সরকারকে যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে হয়, দেশকে এগিয়ে নিতে হয়; তাহলে অবশ্যই দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। লোকাল ইলেকশন আসছে। গত নির্বাচনে জনগণ যে আস্থা আমাদের ওপর রেখেছে, লোকাল ইলেকশনেও সাধারণ মানুষের সমর্থন নিয়ে বের হয়ে আসতে হবে। এই অঙ্গীকার আপনাদের করতে হবে। আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, জনগণ আপনার পক্ষে থাকবে।
সভায় উপস্থিত নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ আমাদের সময়কে বলেন, প্রধানমন্ত্রী দলের নেতকর্মীদের মানুষের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সমর্থন পাবেন এবং জনগণের পাশে থাকবেন এমন প্রার্থী দেওয়ার কথা বলেছেন।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নিতাই রায় চৌধুরী, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য গোলাম আকবর খন্দকার, এসএম ফজলুল হক, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
