শারদীয় দুর্গোৎসবের আজ সপ্তমী। ষষ্ঠীতে দেবীর বোধন ও আমন্ত্রণের পর আজ থেকে শুরু হয়েছে দুর্গাপূজার মূল ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা।
বাংলা পঞ্জিকা ও তিথিচক্রের বিশেষ বিন্যাসের কারণে এ বছর সপ্তমী তিথিটি আজ শনি ও রোববার (১৭ ও ১৮ অক্টোবর) দুই দিন জুড়ে থাকবে। সকাল থেকে মণ্ডপ-মন্দিরে থাকছে নবপত্রিকা স্থাপন, আরাধনাসহ নানা আয়োজন।
ভক্তরাও দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। শাস্ত্রমতে, সপ্তমীতে এবার দেবী দুর্গার আগমন হচ্ছে ঘোড়ায় চড়ে। এটি সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। আর দশমীতে দেবীর গমন হবে নৌকায়। যার অর্থ প্রবল বন্যা ও খরা দেখা দিতে পারে।
আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গোৎসব। এবার সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
