কালবেলা · আন্তর্জাতিক
পাকিস্তানে বিমান বিধ্বস্ত, দুই সেনা পাইলট নিহত
১২/১০/২০২৬

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বেলুচিস্তান প্রদেশের কোয়েটার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। খবর আনাদোলু এজেন্সির।
সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, পিএসি এমএফআই-১৭ মুশশাক মডেলের বিমানটি প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে নওয়ান কলি এলাকার কাছে বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
নিহত দুই পাইলট হলেন প্রশিক্ষক মেজর হুসনাইন শাহজাদ হুমায়ুন এবং প্রশিক্ষণার্থী ক্যাপ্টেন আবদুস সামাদ।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তারা নিহত পাইলটদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাকিস্তানে প্রশিক্ষণ মিশনের সময় বিমান দুর্ঘটনা তুলনামূলকভাবে নিয়মিত ঘটনা। তবে এসব দুর্ঘটনার কারণ সম্পর্কে কর্তৃপক্ষ সচরাচর বিস্তারিত তথ্য প্রকাশ করে না। দুর্ঘটনা তদন্তের প্রতিবেদনও সাধারণত জনসমক্ষে আনা হয় না।
এর আগে গত জুনে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিয়মিত প্রশিক্ষণ চলাকালে বিমানবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় দুই পাইলটই নিহত হন।
সূত্র : আনাদোলু এজেন্সি
মূল প্রতিবেদনে যান ↗